logo

দুই সিটির আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই সিটির আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আরও ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে একই ধরনের অভিযোগে দুই সিটি করপোরেশনের আরও দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

শুক্রবার (২৯ মে) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সরেজমিনে বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। রাজধানীর একাধিক স্থানে বর্জ্য অপসারণ সন্তোষজনক না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে বর্জ্য ব্যবস্থাপনার চিত্রে অসন্তুষ্ট হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুইজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে জানান, রাজধানীর উন্নয়ন প্রকল্প ও কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় সড়কে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখা যায়। এ পরিস্থিতির পরই দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ আসে।

তিনি আরও জানান, অভিযুক্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মীর শাহে আলম জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্জ্য অপসারণ, পানি নিষ্কাশন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এসব কর্মকর্তার বিরুদ্ধে প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ঢাকা উত্তর সিটি করপোরেশন) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী দায়িত্বে রয়েছেন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান বর্তমানে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, পরিদর্শনের সময় গাড়িতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম।