রাজধানীতে বিশেষ অভিযান/মিরপুরে ৪২, যাত্রাবাড়ীতে ২৩ জন গ্রেপ্তার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৃথক বিশেষ অভিযান চালিয়ে মিরপুর মডেল থানা ও যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৫ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন বলে জানিয়েছে ডিএমপি।
সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা পুলিশের একাধিক টিম থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এদিকে একই সময়ে যাত্রাবাড়ী থানা পুলিশও থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।





