রাজধানীতে বিএনপি নেতা আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন চিশতীকে রায়ের বাজার পাবনা গলি এলাকায় কুপিয়ে জখম করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাউন্সিলর খোকনের অনুসারীরা এ হামলা চালিয়েছে। এর সঙ্গে সন্ত্রাসী ও ইয়াবা কারবারি রেজাউলসহ তার বাহিনীরাও ছিলেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে পাবনা হাউজ গলি এলাকায় স্থানীয় আব্বাসের ছেলে বাপ্পির সঙ্গে পূর্ব শত্রুতার জেরে রেজাউলের ছেলে ও আপনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন রেজাউল, শাকিল ও শাকিলের ছেলেসহ আরও কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। সেই সময় বাপ্পির বাবা আব্বাস উদ্দিন ঘটনাস্থলে আসেন। ওই সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে আব্বাস উদ্দিন আহত হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


