logo

উগ্রবাদী সংগঠনের চার সদস্য গ্রেপ্তার, অস্ত্রসহ ড্রোন উদ্ধার

উগ্রবাদী সংগঠনের চার সদস্য গ্রেপ্তার, অস্ত্রসহ ড্রোন উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার ভোররাত ৩টা ৫ মিনিটে ডিবি-রমনার একটি বিশেষ দল কামরাঙ্গীরচর থানার তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে প্রথমে ইমরান চৌধুরীকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ থানার জিয়ানগর এলাকা থেকে তার ছোট ভাই মোস্তাকিম চৌধুরীকে আটক করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ের মাধ্যমে একই অভিযানের ধারাবাহিকতায় কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকা থেকে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, একটি ডিভিআর, ড্রোন ও ড্রোনের যন্ত্রাংশ, মাল্টিফাংশনাল চার্জার, মেটাল ডিটেক্টর, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং উগ্রবাদী মতাদর্শ সংশ্লিষ্ট কিছু বই উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একটি উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

এদিকে সন্ত্রাস, উগ্রবাদ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।