রাজধানীতে গ্রেপ্তার ৪৭১

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৫৩ জন, লালবাগে ২৯, ওয়ারীতে ৫৯, মতিঝিলে ৬৯, তেজগাঁওয়ে ৭৮, মিরপুরে ৭৮, গুলশানে ৪৩, উত্তরায় ৪৩ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৯ জন রয়েছে।
নিয়াজ মেহেদী বলেন, অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা, ৬ ক্যান দেশীয় হান্টার বিয়ার, একটি স্ক্রুড্রাইভার, তিনটি চাকু, দুটি চাপাতি, একটি হাসুয়া, একটি কাটার, একটি ছুরি, একটি সিএনজি চালিত অটোরিকশা, পাঁচটি মোবাইল ফোন, দুটি টেলিভিশন, একটি মাইক্রোওয়েভ ওভন এবং এক হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।
এ ছাড়া অভিযানে অপহৃত দুই ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।




