সাড়ে ৪ কেজি স্বর্ণসহ মালয়েশিয়া নাগরিক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মালয়েশিয়া নাগরিককে প্রায় সাড়ে ৪ কেজি স্বর্ণবারসহ আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। আটক ব্যক্তির নাম ইয়াং ডন সিউ।
রোববার (৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মালয়েশিয়ান এয়ারলাইন্সের ‘এমএইচ-০১৯৬’ ফ্লাইটে ঢাকায় নামেন ওই যাত্রী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে অবতরণের পর থেকেই তাকে কড়া নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে তিনি গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তাকে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশি চলাকালে দেখা যায়, শার্টের নিচে কালো কাপড়ের বেল্ট পেঁচিয়ে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তার কাছ থেকে ১ কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবার জব্দ করা হয়। স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রী ব্যাগেজের বিষয়ে কোনো ঘোষণা দেননি। পাশাপাশি কাস্টমস আইন-২০২৩ এবং বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন-১৯৪৭ অনুযায়ী এসব স্বর্ণের কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি।
আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস আইনের ১৯১ ধারা অনুযায়ী উদ্ধারকৃত স্বর্ণ সাময়িক আটক করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
জাতীয় স্বার্থ সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে শাহজালাল বিমানবন্দরে এমন কঠোর নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।
