কেরানীগঞ্জে গ্যাস লাইনের কাজ করার সময় বিস্ফোরণ, দগ্ধ ৩

এশিয়া পোস্ট ডেস্ক
কেরানীগঞ্জে গ্যাস লাইনের কাজ করার সময় বিস্ফোরণ, দগ্ধ ৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় পাইপলাইনে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে ভোর ৫টার দিকে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)।

দগ্ধদের সহকর্মী সজীব জানান, রাতে বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় তারা গ্যাস লাইনের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে পাইপলাইনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে এ তিন শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। তবে অন্য দুজনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। দগ্ধ তিনজনই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান এই চিকিৎসক।