logo
Advertisement

চাকরি দেওয়ার নামে প্রতারণা, ৬ জনের কারাদণ্ড

এশিয়া পোস্ট প্রতিবেদক
চাকরি দেওয়ার নামে প্রতারণা, ৬ জনের কারাদণ্ড
চাকরি দেওয়ার নামে প্রতারণা করায় ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় সিকিউরিটি কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার যুবক ও শিক্ষার্থীদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ‘ড্রাগন শিল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে র‌্যাব। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম সোমবার (২৪ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কালাম আজাদ (২৩), ইকবাল হোসেন (২৭), মাসুদ রানা (৪৫), মো. হাসান (৩০), আফসান আহাম্মেদ স্বপন (২৩) ও কবির হোসেন (৩১)।

অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, আবুল কালাম আজাদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ইকবাল হোসেনকে দুই মাসের কারাদণ্ড, মাসুদ রানা ও মো. হাসানকে ১৫ দিনের কারাদণ্ড এবং আফসান আহাম্মেদ স্বপন ও কবির হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত ছয়জনকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

তিনি জানান, ভাটারা থানাধীন কুড়িল এলাকার বাসা-ক-৪২ এ অবস্থিত ড্রাগন শিল্ড সিকিউরিটি সলিউশন লি. নামের একটি কথিত সিকিউরিটি অফিসে রোববার (২৩ আগস্ট) অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এতে সহযোগিতা করে র‍্যাব-১ এর আভিযানিক দল। অভিযানকালে চাকরি করতে এসে টাকা দিয়ে প্রতারণার শিকার প্রায় অর্ধশত ভুক্তভোগীও উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে জানান শাহ আলম।