logo

রাজধানীতে মিষ্টির দোকানে নানা অনিয়ম, দেড় লাখ টাকা জরিমানা

রাজধানীতে মিষ্টির দোকানে নানা অনিয়ম, দেড় লাখ টাকা জরিমানা
আল মদিনা মিষ্টান্ন ভাণ্ডার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর লালবাগে নানা অনিয়মের অভিযোগে আল মদিনা মিষ্টান্ন ভাণ্ডারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৭ অক্টোবর) খান মোহাম্মদ মৃধা মসজিদ ও লালবাগ কেল্লা-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

অভিযানে আল মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে খাবার তৈরি ও সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ, ওজনে কারচুপি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অনিয়ম পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে হাইড্রোজ ও লেবেলবিহীন ফ্লেভারিং এজেন্টের সন্ধান মেলে। পরে এসব উপকরণ জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪২ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে আশপাশের এলাকার প্রসাধনীর দোকান, ফার্মেসি ও রেস্তোরাঁও পরিদর্শন করেন কর্মকর্তারা। এসব প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়।

অভিযানের অংশ হিসেবে ভোক্তাদের সচেতন করতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। পণ্য বা সেবা কেনার ক্ষেত্রে প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করা, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।