ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে আলী আকবর মণ্ডল (৬৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. জহিরুল ইসলাম জানান, আলী আকবর মণ্ডল ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন হাজতি ছিলেন (হাজতি নম্বর-৪০৪৭৬/২৩)। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের মৃত হামিদ মণ্ডলের ছেলে। তবে তিনি কোন মামলায় বন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


