ধানমন্ডিতে মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১০ কর্মী গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
ধানমন্ডিতে মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১০ কর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার ১০ নেতাকর্মী। ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে দলটির অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

Advertisement

সোমবার (২২ জুন) সকালে ধানমন্ডির সাত মসজিদ রোড থেকে তাদের গ্রেপ্তার করে থানা-পুলিশ।

গ্রেপ্তাররা মো. ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), মো. সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), মো. সৌরভ হাওলাদার (২৩), মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডির সাত মসজিদ রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ১০ জন সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় তাঁদের হেফাজত থেকে যুবলীগের মনোগ্রাম সংবলিত ১৫টি ক্যাপ, নেতা-কর্মীদের ছবি সংবলিত ৮টি গেঞ্জি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়। এ ছাড়া তাঁদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকারও জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।