রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৬০

রাজধানী ঢাকায় নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোট ২৫টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিএমপির বিভিন্ন বিভাগ রাজধানীর এলাকাভিত্তিক এই অভিযানগুলো পরিচালনা করে। এর মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ৯৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৭৯ জন, তেজগাঁও ও উত্তরা বিভাগ থেকে ৬১ জন করে এবং ওয়ারী বিভাগ থেকে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গুলশান বিভাগ থেকে ৪৫ জন, রমনা বিভাগ থেকে ৩২ জন, লালবাগ বিভাগ থেকে ২৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০ হাজার ১২৭ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, তিনটি চাকু ও একটি কাচি জব্দ করা হয়। এ ছাড়া পুলিশি অভিযানে এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
.png)






