উত্তরা-টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭

এশিয়া পোস্ট প্রতিবেদক
উত্তরা-টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা ও টঙ্গী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) র‌্যাব-১ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৯ জুন) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত র‌্যাব-১ এর সিপিসি-১, সিপিসি-২ এবং সদর কোম্পানি যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

টঙ্গী পূর্ব থানার মাজার বস্তি, টঙ্গী রেলওয়ে স্টেশন এবং উত্তরার বিমানবন্দর ও জসিমউদ্দীন এলাকায় অভিযান চালিয়ে মাদক-সংশ্লিষ্ট অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা, গাঁজা এবং মাদকদ্রব্যের ইনজেকশনসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানের পর র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধের ধরন বিবেচনায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।