সূত্রাপুরে গার্মেন্টসকর্মী মিতুল হত্যা, গ্রেপ্তার ১০

রাজধানীর সূত্রাপুরের ইস্ট বেঙ্গল মার্কেটে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মিতুল ইসলাম (১৮) নামে এক গার্মেন্টস কর্মীকে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাপড় কাটার কাঁচি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাহিম আহম্মেদ রাফি (১৯), মো. সাগর আহাম্মেদ (২৬), মো. রাসেল মিয়া (২৯), মো. আরিফ (১৯), মো. আশরাফুল (২৩), ফারদিন (২১), মো. জুনায়িদ মিয়া (২৬), মো. মোস্তাকিম (২০), মো. রোকন মিয়া (৩১) ও মো. নাজমুল (২৭)।
রোববার (১৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে ইস্ট বেঙ্গল মার্কেটের ভেতরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মিতুলের সঙ্গে কয়েকজনের বিরোধ হয়। একপর্যায়ে গ্রেপ্তার ব্যক্তিরা তাকে মার্কেটের ১৪ তলা ডিএম গার্মেন্টসের সামনে নিয়ে যায়। সেখানে ধারালো কাপড় কাটার কাঁচি ও কাটার দিয়ে মিতুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় মার্কেটে থাকা লোকজন মিতুলকে উদ্ধার করে রিকশায় করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এডিসি নিয়াজ জানান, ঘটনার পর সূত্রাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো কাঁচিও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিহত মিতুল ইসলামের বাবার অভিযোগের ভিত্তিতে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান এবং ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।



