শপিং জোন বিডির ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি

রাজধানীর শ্যামলীতে শপিং জোন বিডি নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির তথ্য উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট ঢাকা (পশ্চিম) কমিশনারের নির্দেশনায় গত ১৬ সেপ্টেম্বর শ্যামলীর ১২/১/৪, রোড-২ এলাকায় অবস্থিত শপিং জোন বিডি প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।
এনবিআর জানায়, প্রতিষ্ঠানটি নিজস্ব শোরুমের পাশাপাশি অনলাইন মাধ্যমেও পোশাক বিক্রি করে থাকে। অভিযানের সময় মূসক ফাঁকির আলামত পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩ এর মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন ব্যবসায়িক দলিলাদি জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ১০ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার বিক্রয় তথ্য পাওয়া গেছে। এসব বিক্রয়ের বিপরীতে পরিহারকৃত মূসকের পরিমাণ ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা।
এনবিআর আরও জানায়, জব্দকৃত দলিলাদি অধিকতর যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

