রাজধানীর কালশী বস্তিতে আগুন

রাজধানীর কালশী বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
সোমবার (২৫ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা শিহাব সরকার এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমরা ৭টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়েছি। ৭টা ৩২ মিনিটে ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যায়। এছাড়াও বর্তমানে আরও ৫টি ইউনিট পথে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শিহাব সরকার আরও জানান, মিরপুরের কালশীর বাউনিয়াবাদ বস্তিতে মূলত আগুন লেগেছে। তবে আগুন কিভাবে লেগেছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
