প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৪০ ল্যাপটপ পুড়ে ছাই, পরিচ্ছন্নতাকর্মীসহ গ্রেপ্তার ৩

রাজধানীর মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় বিপুলসংখ্যক ল্যাপটপ ক্ষতিগ্রস্ত ও নিখোঁজ হওয়ার তথ্য সামনে এসেছে।
গ্রেপ্তাররা হলেন—মো. আসমাউল ইসলাম (৩০), মো. জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও মো. হুমায়ুন কবির খান (৫৯)। এদের মধ্যে আসমাউল ইসলাম শিক্ষা অধিদপ্তরের মাস্টার রোলে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী।
শনিবার (২ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৪টার মধ্যে মিরপুর-২ এলাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভবনের দ্বিতীয় তলার স্টোর রুমে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আগুনে সংরক্ষিত ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৪৫০টি অক্ষত থাকলেও ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়, আর ২৯টি মারাত্মকভাবে পুড়ে যায় ও ১৪০টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া আরও ৮৩টি ল্যাপটপের কোনো হদিস পাওয়া যায়নি।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে শনিবার ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসমাউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্টোর রুমে আগুন লাগানোর কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণ থেকে জিন্নাত আলী বিশ্বাস ও হুমায়ুন কবির খান নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।