Advertisement

উত্তরা থেকে চোরাই ডেলিভারি ভ্যানসহ গ্রেপ্তার ৩

এশিয়া পোস্ট প্রতিবেদক
উত্তরা থেকে চোরাই ডেলিভারি ভ্যানসহ গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই ব্যাটারিচালিত ডেলিভারি ভ্যান উদ্ধার করা হয়েছে।

Advertisement

বুধবার (১১ আগস্ট) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. খোকন (৩০), মো. সেলিম (৪২) ও মো. আরিফ (২৮)।

উত্তরা পূর্ব থানা পুলিশের বরাত দিয়ে এডিসি নিয়াজ মেহেদী জানান, গত ১৩ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে ১৪ জুলাই সকাল ৬টার মধ্যে উত্তরা ৬ নম্বর সেক্টরের বিডিআর মার্কেট এলাকার একটি প্রতিষ্ঠান থেকে এক কর্মচারী ডেলিভারির কথা বলে ১৮০ লিটার সুরেশ সরিষার তেল, একটি ব্যাটারিচালিত ডেলিভারি ভ্যান এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়। মামলা তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোর চক্রের সদস্যদের শনাক্ত করে পুলিশ।

পরে সোমবার (১০ আগস্ট) রাতে উত্তরা পশ্চিম ও টঙ্গী পূর্ব থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে খোকন, সেলিম ও আরিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া ব্যাটারিচালিত ডেলিভারি ভ্যানটি উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে আরও একটি চোরাই ব্যাটারিচালিত ডেলিভারি ভ্যান উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার খোকন ও সেলিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।