রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু গ্রেপ্তার
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ হোসেন মিঠুকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর তাকে আটক করা হয়। পরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতা ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া পলাতক নেতাদের নির্দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি হাফিজুর রহমান।
গ্রেপ্তার হওয়া মারুফ হোসেন মিঠুর বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দোলনাপুর গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি মিরপুরের পল্লবী এলাকায় বসবাস করতেন।
