দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ দশ বছরের শিশুর বিরুদ্ধে

রাজধানীর দক্ষিণখানে দুই বছরে এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযোগের তির দশ বছরের আরেক শিশুর বিরুদ্ধে।
সোমবার (৬ জুলাই) দুপুরে দক্ষিণখানের কাওলা শেখ বাড়ির হাজী উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত একই বিল্ডিংয়ে পাশাপাশি বাসায় থাকে।
ভুক্তভোগী শিশুর স্বজন ও এলাকাবাসী জানিয়েছেন, ধর্ষণের শিকার ভুক্তভোগীর মা গৃহকর্মী। তিনি মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে কাজে যান। কাজ শেষে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মেয়ে বিছানায় পড়ে আছে।
ভুক্তভোগীর মামা জানান, তার বোন মেয়েকে রেখে বাসাবাড়িতে কাজে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন মেয়ে বিবস্ত্র। আর রক্ত ঝরছে।
জিজ্ঞাসাবাদ করা হলে ভুক্তভোগী শিশু জানিয়েছে, পাশের বাসার একজন এ অবস্থা করেছে।
এদিকে এলাকাবাসী জানিয়েছেন, অভিযুক্ত শিশুকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়েছে। পরে পুলিশ শিশুটিকে হেফাজতে নিয়েছে।
এ বিষয়ে জানতে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও কোনো সাড়া মেলেনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, ভুক্তভোগী শিশু ঢামেকে চিকিৎসাধীন। বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে জানানো হয়েছে।




