Advertisement

মধ্যরাতের লোডশেডিংয়ে ঢাকাবাসীর হাঁসফাঁস

এশিয়া পোস্ট নিউজ
মধ্যরাতের লোডশেডিংয়ে ঢাকাবাসীর হাঁসফাঁস
প্রতীকী ছবি

ভ্যাপসা গরমের মধ্যে মধ্যরাতে ঢাকাজুড়ে দেখা দিয়েছে দীর্ঘ লোডশেডিং। গ্যাস-সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় রাজধানীর একাধিক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। তবে রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ রাত সাড়ে ১২টা পর্যন্ত স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

Advertisement

বুধবার (১২ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১২টার মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকা, ইস্কাটন, শেওড়াপাড়া, মৌচাক, কারওয়ান বাজার, পান্থপথ, লালমাটিয়া ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে।

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা আনিকা তাসনিম বলেন, ঢাকায় গভীর রাতে এত দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিজ্ঞতা নেই। বিল আগের চেয়ে দ্বিগুণ আসছে, অথচ মাঝরাতে বিদ্যুৎ না থাকায় ঘুমানো অসম্ভব হয়ে পড়েছে।

কাজীপাড়ার বাসিন্দা সাংবাদিক রাহাত আহমেদ জানান, গত তিন বছরের মধ্যে বুধবার রাতেই সবচেয়ে দীর্ঘ লোডশেডিংয়ের মুখে পড়েছেন তারা। তীব্র গরম ও মশার উৎপাতে চরম ভোগান্তির কথা জানিয়ে দ্রুত বিদ্যুতের অব্যবস্থাপনা দূর করার দাবি জানান।

চলমান গ্যাস-সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সারা দেশে বিদ্যুৎ-বিভ্রাট বেড়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য অনুযায়ী, কয়েক দিন ধরে দেশে সর্বোচ্চ লোডশেডিং তিন হাজার মেগাওয়াটের বেশি হচ্ছে। গত রোববার লোডশেডিং ছিল ৩ হাজার ৬৭১ মেগাওয়াট, সোমবার বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৭৫৭ মেগাওয়াটে, মঙ্গলবার ৩ হাজার ৪৬৫ মেগাওয়াট এবং বুধবারে ছিল ৩ হাজার ৩৮২ মেগাওয়াট।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বুধবার দেশে ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে মাত্র ২০৩ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়েছে। সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে ১০ কোটি ঘনফুটের নিচে নেমে এসেছে।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংবাদমাধ্যমকে জানান, গ্যাস সরবরাহের ঘাটতির কারণেই বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে ধারাবাহিক লোডশেডিং নিয়ে সামাজিক মাধ্যমেও অনেককে প্রতিবাদ জানাতে দেখা গেছে। বিশেষ করে দেশের গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে গ্রিড, উপকেন্দ্র ও অফিসগুলোতে নিরাপত্তা চেয়ে বুধবার পুলিশ প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এছাড়া, নিরাপত্তা চেয়ে পুলিশ কিংবা প্রশাসনের কাছে পৃথক আবেদন করেছে গোপালগঞ্জ, নীলফামারীসহ বিভিন্ন জেলার বিদ্যুৎ অফিস।