logo

আদাবরে বিদেশি পিস্তলসহ তালিকাভুক্ত চাঁদাবাজ গ্রেপ্তার

আদাবরে বিদেশি পিস্তলসহ তালিকাভুক্ত চাঁদাবাজ গ্রেপ্তার
আটক জাহিদ রহমান। ছবি: এসআরবির সৌজন্যে

রাজধানীর আদাবরে একটি পরিত্যক্ত অফিসকক্ষ থেকে ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল উদ্ধারের পর মো. জাহিদ রহমান জন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। বাহিনীটির দাবি, জাহিদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে শম্পা মার্কেট এলাকার তার নিয়ন্ত্রণাধীন ওই পরিত্যক্ত অফিসকক্ষ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে সন্ধ্যায় এসআরবির উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবিন রহমান তাপস বলেন, স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের শনাক্ত করতে সহায়তার আশ্বাস দিয়েছিলেন জাহিদ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে কয়েকটি অভিযান চালায় এসআরবি-২। তবে এসব অভিযান ব্যর্থ হওয়ায় তথ্য পাচারের সন্দেহ তৈরি হয়। পরে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বাহিনীটি জানতে পারে, জাহিদ নিজেই অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ।

এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর থানার শম্পা মার্কেট এলাকার একটি পরিত্যক্ত অফিসকক্ষে অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়।

মেজর তাপস বলেন, প্রাথমিক অনুসন্ধানে জাহিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া তার পিসিপিআর (পূর্ব অপরাধের রেকর্ড) যাচাই করে ডিএমপির যাত্রাবাড়ী থানায় তার নামে একটি দলবদ্ধ পরিকল্পিত হত্যা মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানান এসআরবি কর্মকর্তা।

গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-২।