logo
Advertisement

তিন দিনেও পরিচয় মেলেনি আদাবরে উদ্ধার কিশোরীর খণ্ডিত মরদেহের

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
তিন দিনেও পরিচয় মেলেনি আদাবরে উদ্ধার কিশোরীর খণ্ডিত মরদেহের
রাজধানীর আদাবর থানা। ছবি: গুগল ম্যাপস থেকে

রাজধানীর আদাবর থানার হাক্কারপাড় খাল থেকে অজ্ঞাতনামা এক কিশোরীর খণ্ডিত মরদেহ উদ্ধারের তিন দিন পার হলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডেটাবেজে আঙুলের ছাপ না মেলায় পরিচয় শনাক্তকরণে জটিলতা দেখা দিয়েছে। নিহতের বয়স আনুমানিক ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হওয়ায় এনআইডি সার্ভারে তার কোনো তথ্যও পাওয়া যায়নি।

আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আমরা এখনো তার পরিচয় শনাক্ত করতে পারিনি। তবে আমাদের তদন্ত চলমান রয়েছে। আশা করি, খুব দ্রুতই পরিচয় বের করতে পারব। বর্তমানে নিহতের খণ্ডিত অংশগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর বিকেলে হাক্কারপাড় খালের ময়লার স্তূপের ভেতর একটি ট্রাভেলব্যাগে ভাসমান অবস্থায় নিহতের মাথা, শরীর এবং দুই হাতসহ মোট ৪টি অংশ উদ্ধার করে আদাবর থানা পুলিশ।

এর ঠিক ১৮ ঘণ্টা পর, গত ১৩ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে একই খাল থেকে নিহতের বিচ্ছিন্ন পা দুটিও উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের ওই রাতেই আদাবর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।