Advertisement

মোহাম্মদপুরে অস্ত্রসহ কাইয়ুম গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
মোহাম্মদপুরে অস্ত্রসহ কাইয়ুম গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লা এলাকা থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলিসহ কাইয়ুম গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ওই গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারবারের সঙ্গে জড়িত।

Advertisement

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রুবেল হোসেন ওরফে ভাতিজা রুবেল (২৯), মো. সাঈদুর রহমান সাঈদ ওরফে পিচ্চি সাঈদ (৪৩), মো. শরিফ (৩০) ও মো. শাওন (৪০)।

র‍্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস সোমবার (১৭ আগস্ট) রাতে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার (১৬ আগস্ট) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরী মহল্লা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মেজর তাপস জানান, মোহাম্মদপুরের টিক্কাপাড়া, আজিজ মহল্লা এবং সূচনা কমিউনিটি সেন্টারসংলগ্ন রিং রোড এলাকায় কাইয়ুম গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, মারামারি ও গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রুবেল হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, দাঙ্গা, খুন ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রয়েছে। এ ছাড়া আদাবর থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

অন্যদিকে, সাঈদুর রহমান সাঈদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বলপূর্বক গ্রহণ ও ভয়ভীতি প্রদর্শন, অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। আদাবর থানায় ভয়ভীতি প্রদর্শন, ডাকাতির প্রস্তুতির তিনটি এবং খুনের একটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।