logo

ঈদের দ্বিতীয় দিনের সকালে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

ঈদের দ্বিতীয় দিনের সকালে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনের সকালে রাজধানী ঢাকার বায়ুমানে আবারও অবনতি হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান সূচক (AQI) অনুযায়ী, রোববার (২২ মার্চ) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা।

এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ায় সাধারণ মানুষের পাশাপাশি সংবেদনশীল গোষ্ঠীর জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তালিকায় ১৯৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে চীনের বেইজিং (১৭৮) এবং তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়ার ইনচন (১৭৪)। এছাড়া পাকিস্তানের লাহোর পঞ্চম স্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির প্রভাব কেটে যাওয়া এবং ধীরে ধীরে নগরজীবন স্বাভাবিক হতে শুরু করায় আবারও বায়ুদূষণ বাড়তে শুরু করেছে। ঈদের ছুটিতে যানবাহনের চাপ কম থাকায় সাময়িক উন্নতি দেখা গেলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।

বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, AQI ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।