Advertisement

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

এশিয়া পোস্ট প্রতিবেদক
৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। ছবি: সংগৃহীত

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিবসটিকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পিকেটিং ও চেকপোস্টে দায়িত্ব পালন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিশেষ করে, মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম এবং চেকপোস্ট পরিচালনা জোরদার থাকবে। একই সঙ্গে ডিবি ও সিটিটিসির সদস্যরা সাদা পোশাকে গুরুত্বপূর্ণ স্থান ও ভেন্যুগুলোতে অপারেশনাল দায়িত্ব পালন করবেন।

যেসব এলাকায় সাধারণ মানুষের সমাগম বেশি হবে, সেখানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডের মাধ্যমে বিশেষ সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া সব অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পাশাপাশি সিটিএসবি ও আইইডি সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবেন।

যে কোনো জরুরি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলার জন্য পর্যাপ্তসংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।

নিয়মিত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি ডিএমপির অতিরিক্ত ফোর্সের সঙ্গে র‍্যাব ও সিআইডি যৌথভাবে মহানগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকবে। নিরাপত্তা ব্যবস্থার সার্বিক তদারকির জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি মাঠে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।