logo

সদরঘাটে নেই ভিড়, স্বস্তিতে ফিরছেন যাত্রীরা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সদরঘাটে নেই ভিড়, স্বস্তিতে ফিরছেন যাত্রীরা
রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সদরঘাট, পুরান ঢাকা। ছবি: এশিয়া পোস্ট

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার ফিরতি যাত্রায় যাত্রীদের চাপ তুলনামূলক অনেক কম। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই বেশ স্বস্তিতেই ঢাকায় ফিরছেন নৌপথের যাত্রীরা।

রোববার (৩১ মে) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, চিরচেনা সেই উপচে পড়া ভিড় বা হুড়োহুড়ি নেই। সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চগুলো ঘাটে এসে পৌঁছায়। যাত্রী হয়রানি কিংবা বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগও মেলেনি এবার।

মূলত সোমবার (১ জুন) থেকে যাদের অফিস-আদালত কিংবা জরুরি কাজকর্ম শুরু হবে, তারাই আজ ঢাকায় ফিরছেন। নৌপথে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

ঢাকা-চাঁদপুর রুটের লঞ্চ এমভি সোনার তরী-৪ বেলা ১১টায় সদরঘাটে এসে পৌঁছায়। ওই লঞ্চের যাত্রী সাজেদা আক্তার বলেন, সাত দিনের ছুটিতে পরিবার নিয়ে গ্রামে গিয়েছিলাম। খুব ভালোভাবে ঈদ কাটিয়েছি। আগামীকাল থেকে অফিস, তাই ভিড় এড়াতে একদিন আগেই সপরিবারে ঢাকায় চলে এলাম। কোনো ভোগান্তি ছাড়াই আসতে পেরে ভালো লাগছে।

বিআইডব্লিউটিএ’র বার্দিং সারেং নুরুজ্জামান সুমন জানান, রোববার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০টি লঞ্চ যাত্রী নিয়ে সদরঘাটে এসে পৌঁছেছে। রাত ১০টা পর্যন্ত আরও বেশ কিছু লঞ্চ আসার সম্ভাবনা রয়েছে।

কর্মকর্তারা মনে করছেন, আজ ঈদের ছুটি শেষ হচ্ছে। তাই আজ চাপ কিছুটা কম থাকলেও আগামীকাল সোমবার থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ আরও বাড়তে পারে।

চাঁদপুর থেকে আসা জুই আক্তার বলেন, এবার তেমন ভোগান্তি হয়নি, তবে আসার সময় লঞ্চ অনুযায়ী যাত্রী অনেক বেশি ছিল। যাত্রী বেশি থাকার কারণে দাঁড়াতে বসতে একটু সমস্যা হয়েছে। বাড়তি বাড়াও নেইনি। সবমিলিয়ে এবার স্বস্তিতে ঢাকায় ফিরেছি।