Advertisement

বোমা আতঙ্ক/দুই মেট্রোস্টেশনে তল্লাশির পর মিলল জর্দার কৌটা ও পান

এশিয়া পোস্ট প্রতিবেদক
দুই মেট্রোস্টেশনে তল্লাশির পর মিলল জর্দার কৌটা ও পান
মেট্রো স্টেশন থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে সিটিটিসি ইউনিট। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর ব্যস্ততম মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে শনিবার (১ আগস্ট) সকালে দুটি বোমাসদৃশ বস্তু ঘিরে মুহূর্তেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম তল্লাশি ও পরীক্ষা চালিয়ে ব্যাগগুলোর ভেতর থেকে জর্দার কৌটা ও পান উদ্ধার করেছে। সেখানে কোনো ধরনের বিস্ফোরকের অস্তিত্ব ছিল না বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে ফেলা হয়। পরে এক্স-রে পরীক্ষায় ব্যাগের ভেতর কৌটাসদৃশ বস্তুর অস্তিত্ব মেলে। এতে ঝুঁকি না নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণে ‘ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর’ ব্যবহার করে ব্যাগটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যাগটি খুললে তার ভেতরে কেবল জর্দার কৌটা ও পান পাওয়া যায়।

অন্যদিকে, প্রায় একই সময়ে তেজগাঁও থানাধীন ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও একটি পরিত্যক্ত বস্তা ঘিরে একই ধরনের ভীতি ও সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত সেখানে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে এবং ‘হ্যান্ড এন্ট্রি’ পদ্ধতিতে বস্তাটি পরীক্ষা করে। নিশ্চিত হওয়া যায়, সেই বস্তার ভেতরেও কোনো বিস্ফোরক বা ক্ষতিকর উপাদান ছিল না।

দুটি ঘটনার পরেই ডিএমপি স্পষ্ট করেছে যে, এসব ব্যাগে কোনো নাশকতার আলামত মেলেনি। অযাচিত গুজব বা যাচাইবিহীন তথ্যে কান দিয়ে আতঙ্কিত না হতে সাধারণ মানুষকে বিশেষভাবে অনুরোধ করেছে পুলিশ। সেই সঙ্গে যে কোনো সন্দেহজনক বস্তু বা তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে কাছের থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি আরও নিশ্চিত করেছে, নগরবাসীর সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হয়েছে।