logo
এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ

আ.লীগ নেতাদের টেন্ডার দেওয়া নিয়ে ডিএনসিসি প্রশাসকের ব্যাখ্যা

আ.লীগ নেতাদের টেন্ডার দেওয়া নিয়ে ডিএনসিসি প্রশাসকের ব্যাখ্যা
সংবাদ ব্রিফিংয়ে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব টেন্ডার কার্যক্রম ই-জিপির মাধ্যমে এবং সরকারি নিয়ম মেনে কার্যাদেশ প্রদান করা হয়েছে এবং এখানে দলীয় কোনো পরিচয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

গত ২১ ও ২২ অক্টোবর অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্টে চার পর্বের ধারাবাহিক প্রতিবেদনের মধ্যে দুই পর্বের ‘ডিএনসিসির টেন্ডারনামা: তুলির ভাইসহ সাত গুমে অভিযুক্ত কর্মকর্তাকে ৩ কোটি টাকার ঠিকাদারি কাজ দিল ডিএনসিসি’ ও ‘প্রধানমন্ত্রীর আগ্রহের প্রকল্পে ২৮ ঠিকাদারি কাজ আ.লীগ নেতাদের দিলেন ডিএনসিসি প্রশাসক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

এই সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২৫ অক্টোবর) রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে সামাজিক উন্নয়ন সংস্থা ফুটস্টেপস আয়োজিত ‘নগর বাগান প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন কালে প্রশাসক এ কথা বলেন।

এশিয়া পোস্টের প্রকাশিত সংবাদের সমালোচনা করে মো. শফিকুল ইসলাম খান বলেন, ই-জিপির মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডার আহ্বান ও কার্যাদেশ প্রদান করা হয়। এ বিষয়ে প্রকাশিত ভিত্তিহীন ও মিথ্যা খবরের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল সাংবাদিকতা ও সততা বজায় রাখার আহ্বান জানান তিনি।

প্রশাসক জানান, ঢাকা মহানগরীকে আধুনিক, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ডিএনসিসি ও ফুটস্টেপস যৌথভাবে কাজ করছে। ফুটস্টেপস দীর্ঘদিন ধরে ঢাকার পরিবেশ উন্নয়ন ও আধুনিকায়নে প্রশংসনীয় ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

শফিকুল ইসলাম খান বলেন, খাল খনন ও বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে নগরজুড়ে সবুজায়নের যে ধারাবাহিক প্রক্রিয়া ফুটস্টেপস চলমান রেখেছে, মগবাজারের দীর্ঘদিন পড়ে থাকা পরিত্যক্ত স্থানটিতে এই নান্দনিক নগর বাগান নির্মাণ তারই একটি চমৎকার উদাহরণ। প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার যে লক্ষ্য, সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরও জানান, গুলশান লেক সংস্কার ও দৃষ্টিনন্দন গ্রাফিতি অঙ্কন এবং বসিলা ৪০ ফুট খালের দীর্ঘদিনের অবহেলিত অবস্থা দূর করে সেখানে পথচারীদের বসার বেঞ্চ, ডাস্টবিন ও স্ট্রিট লাইট স্থাপন তারই প্রমাণ। ৪৫ দিনের বিশেষ কর্মসূচির মাধ্যমে বসিলা খালের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে প্রশাসক বলেন, জনগণের সুবিধার্থে এবং যানজট নিরসনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ডিএনসিসির উচ্ছেদ অভিযান চলমান রয়েছে ও থাকবে।

দীর্ঘ ২৫ বছর ধরে দখল হয়ে থাকা মিরপুর ১০ নম্বরের ফুটপাত উদ্ধার করা হয়েছে, যা নগরবাসীর জন্য এক বড় স্বস্তি। জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত ফুটপাত নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের অধিকার।

মো. শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ও অনুপ্রাণিত হয়ে আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হয়েছি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।