logo

সদরঘাটে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ, নিহত ১

সদরঘাটে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ, নিহত ১

রাজধানীর সদরঘাটে লঞ্চ টার্মিনালে দুই লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিষ্ট হয়ে একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন আরও দুজন। তাদের উদ্ধারে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জ থেকে ট্রলারযোগে আসা কিছু যাত্রী ঢাকা-ইলিশা (ভোলা) রুটে চলা ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ওঠার সময় ‌‘জাকির সম্রাট-৩’ লঞ্চ পেছনে এসে আকস্মিক ধাক্কা দেয়। এ সময় জাকির সম্রাট-৩ লঞ্চের অগ্রভাগের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ সময় দ্রুত টার্মিনাল ত্যাগ করে জাকির সম্রাট-৩ লঞ্চটি।

এদিকে ট্রলারে থাকা আহত এক নারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা গণমাধ্যমকে বলেন, আমরা অনেক নিখোঁজের খবর পাচ্ছি। ঘটনাস্থলে নৌ পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে এখন পর্যন্ত দুজন নিখোঁজ হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি।