Advertisement

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

এশিয়া পোস্ট নিউজ
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
ব্যাটারিচালিত রিকশা। ছবি: সংগৃহীত

অনুমোদন ছাড়া যত্রতত্র ব্যাটারিচালিত রিকশা তৈরি বন্ধে নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

Advertisement

রাজধানীর শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল (এআই সিগন্যাল) ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ তথ্য জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, যেসব অটোরিকশা বা যন্ত্রচালিত রিকশাকে অনুমতি দেওয়া হবে, সেগুলো যত্রতত্র তৈরি করা যাবে না। ঢাকা শহরের জন্য নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেওয়া হবে। এসব কারখানায় রিকশা উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কারিগরি সহায়তা দেবে জানিয়ে আবদুস সালাম বলেন, নির্ধারিত কারখানাগুলোর অনুমোদন ও কারিগরি বিষয়গুলো যাচাইয়ের পর উৎপাদনের সুযোগ দেওয়া হবে।

নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যাটারিচালিত রিকশাগুলোকে বিদ্যুৎচালিত ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে সৌরশক্তি ব্যবহারের বিষয়টিও পরিকল্পনায় রয়েছে বলে জানান তিনি।

সৌরশক্তির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুতের ওপর চাপও কমবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকারের সামগ্রিক পরিকল্পনা রয়েছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকার যানজট ও বিশৃঙ্খলা কমাতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না। নগরবাসীকেও সচেতন হতে হবে। সরকারকে সময় দিলে ধীরে ধীরে দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।