দক্ষিণখানে ছিনতাই চক্রের মূলহোতা গ্রেপ্তার, মোবাইল উদ্ধার

রাজধানীর দক্ষিণখানে এক গার্মেন্টসকর্মীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি মির্জা তারেক আহমেদ বেগ।
তিনি জানান, গত ২৫ আগস্ট ভোরে দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ প্রাইমারি স্কুল রোডের কাঁচা রাস্তায় গার্মেন্টসকর্মী মোছা. রুবা (৩৫) ছিনতাইয়ের শিকার হন। তিনি আব্দুল্লাহপুরের একটি গার্মেন্টসে অপারেটর হিসেবে কর্মরত। কর্মস্থলে যাওয়ার পথে আগে থেকে অবস্থান নেওয়া ছিনতাইকারী চক্রের দুই সদস্য তার গতিরোধ করে। এ সময় একজন তার কাছ থেকে একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। তিনি চিৎকার করলে অপর ব্যক্তি ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তদন্তে নামে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দক্ষিণখান থানায় মামলা করা হয়। পরে উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের পুলিশ ও দক্ষিণখান থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে গাজীপুরের গাছা থানাধীন একটি এলাকায় জান্নাতুল ফারহানকে (৩২) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জান্নাতুল ফারহান দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার বাসিন্দা। পুলিশ বলছে, তিনি ওই ছিনতাইকারী চক্রের মূল পরিকল্পনাকারী।
ডিসি মির্জা তারেক আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং চক্রের অন্য সদস্যদের নামও জানিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ও টঙ্গী থেকে ছিনতাই চক্রের আরও দুই সদস্য—সাগর (৩৬) ও রানা (৩৩)-কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সহযোগী পলাতক মনিরকেও (৩৮) গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ছিনতাই হওয়া ভুক্তভোগীর ভিভো ব্র্যান্ডের স্মার্টফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দক্ষিণখান থানায় দণ্ডবিধির ৩৯২/৩৪ ধারায় মামলা হয়েছে। ছিনতাই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।



