logo

উত্তরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

উত্তরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: এশিয়া পোস্ট

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে আশপাশের সড়কগুলোতেও দেখা দিয়েছে তীব্র যানজট।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজমপুর এলাকায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্ধারিত বেতন বৃদ্ধির দাবিতে তারা এই আন্দোলনে নেমেছেন।

শ্রমিকদের মহাসড়কে অবস্থান নেওয়ার কারণে গুরুত্বপূর্ণ এই রুটে যানবাহন চলাচল সাময়িকভাবে থমকে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারী সাধারণ যাত্রী ও পথচারীরা।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অবস্থান নিয়েছে এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক খালি করার চেষ্টা চালানো হচ্ছে।

উত্তরা ট্রাফিক বিভাগের ডিসি শাহজাহান হোসেন জানান, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে রাজধানীর সড়কে বিক্ষোভ করে আসছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।