logo

ঈদের ছুটিতে ঢাকার বাতাসে স্বস্তি, কমেছে দূষণ

ঈদের ছুটিতে ঢাকার বাতাসে স্বস্তি, কমেছে দূষণ

পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে—আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এমন ধারণা দিচ্ছে।

বুধবার (১৮ মার্চ) সকাল পৌনে ৮টায় বিশ্বের বায়ুদূষণ নিয়ে আইকিউএয়ারের লাইভ সূচকে ঢাকা অবস্থান ১৮ নম্বরে। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৮৮, যা ‘মাঝারি’ পর্যায়ের দূষণ। যদিও এই মান পুরোপুরি নিরাপদ নয়, তবে আগের তুলনায় কিছুটা সহনীয় অবস্থায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, ঈদের সময় নগরজীবনের স্বাভাবিক গতি অনেকটাই কমে যায়। অফিস-আদালত বন্ধ, যানবাহনের সংখ্যা কমে যাওয়া ও শিল্পকারখানার কার্যক্রম সীমিত থাকার ফলে বাতাসে দূষণকারী উপাদান কম নির্গত হয়। এর সরাসরি প্রভাব পড়ে বায়ুমানে।

এ ধরনের সাময়িক উন্নতি দেখায় যে সঠিক পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে ঢাকার বায়ুদূষণ কমানো সম্ভব। বিশেষ করে যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজ নিয়ন্ত্রণে আনতে পারলে স্থায়ী উন্নতি অর্জন করা যেতে পারে।

বিশ্বের বায়ুদূষণের সর্বশেষ লাইভ সূচকে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (২০০), দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৬১) ও তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৫)।