যাত্রাবাড়ীতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

রাজধানীর যাত্রাবাড়ীতে ঘরে ঢুকে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ ও তাদেরকে মারধর করে ২২ লাখ টাকা মালামাল লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- রাকিব হোসেন (২৫) ও জাহেদুল ইসলাম অনিক (৩২)।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালীর দশমিনা থানার বাশবাড়িয়া আমির হোসেনের ছেলে ও মূল হোতা রাকিব হোসেন এবং রাজধানীর ডেমরার ধার্মিকপাড়ার মৃত নজরুল মেম্বারের ছেলে জাহেদুল ইসলাম অনিক।
এর আগে, গত ৪ মে দিবাগত রাতে মাতুয়াইলের একটি বাড়িতে ঢুকে রাকিব ও জাহিদুলসহ অজ্ঞাতনামা ৭/৮ জন স্বামী-স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২২ লাখ টাকা মূল্যমানের মালামাল লুট করে। এ সময় স্বামীকে রুমে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনাও ঘটে।
এ ঘটনায় গত ১৯ জুন যাত্রাবাড়ী থানায় ধর্ষণ ও মালামাল লুটের ঘটনায় একটি মামলা করা হয়।
এএসপি তাপস কর্মকার বলেন, মাতুয়াইল থেকে স্বামীকে রুমে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ ও স্বামী-স্ত্রীকে মারধর করে ২২ লাখ টাকা মূল্যমানের স্বর্ণালংকার এবং নগদ টাকা লুটের ঘটনায় মূল হোতা রাকিব ও জাহেদুলকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া জাহেদুল ইসলাম অনিক প্রায় চার বছর আগে ভুক্তভোগীর কাছ থেকে টাকা ধার নেয়। সেই টাকা ভুক্তভোগী ফেরত চাইলে রাকিব, অনিকসহ ৭/৮ জন মিলে লুটপাট ও ধর্ষণের ঘটনা ঘটায়।
গ্রেপ্তারের পর আসামিদেরকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
