যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ককটেলগুলো উদ্ধার করে।
পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ মাঠে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ম-নীতি অনুসরণ করে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যাত্রাবাড়ী থানা পুলিশ প্রয়োজনীয় তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।