টিকাটুলিতে বাসের চাপায় প্রাণ গেল নারীর

রাজধানীর ওয়ারীর টিকাটুলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুই বাসের চাপায় রিনা রানী ঘোষ (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে টিকাটুলি ফুট ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবুবকর জানান, বিকেলে টিকাটুলি ফুট ওভারব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় রিনা রানী ঘোষ নামে ওই নারী দুটি বাসের চাপায় গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার সঙ্গে জড়িত দোয়েল পরিবহনের একটি বাস ও বন্ধন পরিবহনের একটি বাস এবং সংশ্লিষ্ট চালক ও হেলপারদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহত রিনা রানী ঘোষের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায়। তার স্বামীর নাম বিশ্বজিৎ ঘোষ। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ওয়ারীর কে এম দাস লেনের বি/৩, ১৮/৭ নম্বর বাসায় থাকতেন।