logo
Advertisement

গেন্ডারিয়ায় রাজমিস্ত্রি মান্নান হত্যা মামলার আসামি গেসু গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
গেন্ডারিয়ায় রাজমিস্ত্রি মান্নান হত্যা মামলার আসামি গেসু গ্রেপ্তার
গিয়াস উদ্দীন ওরফে গেসু। ছবি: র‌্যাবের সৌজন্যে

রাজধানীর গেন্ডারিয়ায় রাজমিস্ত্রি আব্দুল মান্নান হত্যা মামলার এজাহারনামীয় আসামি গিয়াস উদ্দীন ওরফে গেসুকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০ সদর কোম্পানির একটি দল গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান চালায়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার।

তপন সরকার জানান, গেন্ডারিয়ার মীর হাজিরবাগ এলাকায় বসবাসকারী রাজমিস্ত্রি আব্দুল মান্নানকে (৩০) পূর্বশত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে গিয়াস উদ্দীন ও অন্য আসামিরা দেশীয় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে গেন্ডারিয়া থানায় হত্যা মামলা করেন। মামলাটিতে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। তারপর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন গেসুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গিয়াস উদ্দীন ওরফে গেসুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।