ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

এশিয়া পোস্ট প্রতিবেদক
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে দুই যুবকের কাছ থেকে স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় ‘পেশাদার ছিনতাই চক্রের’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন মো. রিপন (৩৫), মো. সাদ্দাম হোসেন ওরফে ‘সিআইডি সাদ্দাম’ (৩০) এবং টিপু আহমেদ ওরফে ‘ডিশ টিপু’ (৫২)।

ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির ৭ নম্বর সড়কে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের অফিসের উত্তর পাশের সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। কলাবাগান এলাকার বাসিন্দা দুই বন্ধু জিম থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে চারজন ছিনতাইকারী তাদের রিকশার গতি রোধ করে। এ সময় ধারালো চাপাতি গলায় ধরে ভয়ভীতি দেখিয়ে আইফোন ১৭ প্রো ম্যাক্স ও স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ছিনিয়ে নেয়। এ সময় ভুক্তভোগীদের একজন বাধা দিলে তাকে চাপাতি দিয়ে কোপ দেয় ছিনতাইকারীরা। এতে তার বাম হাতের কবজির ওপর কেটে যায়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে ৩ জুলাই ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করা হয়। মামলার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ধানমন্ডি মডেল থানা-পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন দুটি উদ্ধার অভিযান চলছে।