সরকারি কর্মকর্তার স্বাক্ষর জাল করে দিতেন ভুয়া নিয়োগপত্র

ভূমি মন্ত্রণালয়ের উপসচিবের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদান এবং চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. বাবলু কাজী (৬০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর পল্লবী থানার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বাংলাদেশ সরকারের সিলযুক্ত জাল নিয়োগ আদেশ, জাল স্বাক্ষরিত যোগদানপত্র, প্রজ্ঞাপন এবং নকল হাজিরা খাতা উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, যোগদানপত্র ও প্রজ্ঞাপন তৈরি করে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিল।
তদন্তে জানা গেছে, গত ২৫ জুন থেকে ২৬ জুলাইয়ের মধ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা মো. সবুজ সরকারের কাছ থেকে চাকরি দেওয়ার আশ্বাসে ১৩ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, প্রতারক চক্রটি অত্যন্ত সংঘবদ্ধভাবে সরকারি অফিসে উচ্চপদস্থ কর্মকর্তা, ড্রাইভার ও অফিস সহকারীর পরিচয়ে যাতায়াত করে চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জন করত। তারা পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত। ভুয়া নিয়োগপত্র দেওয়ার পর ভুক্তভোগীদের নকল হাজিরা খাতায় স্বাক্ষর করিয়ে প্রথম দুই মাস নিজেদের অর্থ থেকে ‘বেতন’ হিসেবেও কিছু টাকা দিত। পরে বড় অঙ্কের টাকা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে চলে যেত।
এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



