logo

কলাবাগানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কলাবাগানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৬ বছর।

শুক্রবার (৮ মে) ভোরে সোনারগাঁও হোটেল মোড়ের ট্রাফিক বক্সের সামনে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পাঁচটায় মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহিন আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, কোনো অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।

মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।