ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন জাহিদুল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ জাহিদুল ইসলাম।
শনিবার (১৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
একই আদেশে ডিএমপির ডিসি মিনা মাহমুদাকে ডিএমপির ট্রাফিক অ্যাডমিন (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) হিসেবে বদলি করা হয়েছে। মিনা মাহমুদ দায়িত্ব পালন করছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে।
এর আগে গত ৫ মে রমনা বিভাগের তৎকালীন ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে বদলি করা হয়। একই দিন নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। শনিবারের আদেশে তাকে রমনা বিভাগের আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হলো।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন তিনি সৈয়দপুর বিমানবন্দরে একটি অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক করেছিলেন এসপি শেখ জাহিদুল ইসলাম। এই ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে ওই পুলিশ কর্মকর্তার বহিষ্কার দাবি করা হয়েছিল।