ম্যানহোলে নেমে কাজ করছিলেন, মাথা তুলতেই গাড়ির চাকায় পিষ্ট ওয়াসাকর্মী
এশিয়া পোস্ট নিউজ

রাজধানীর মিরপুরের একটি ম্যানহোলে কাজ করার সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঢাকা ওয়াসার এক কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমের বয়স ৪৭ বছর। তার বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে। ২৫ বছর ধরে তিনি ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সকালে ওয়াসার ওই কর্মী ড্রেনে ঢুকে কাজ করছিলেন। একপর্যায়ে তিনি মাথা তুললে একটি গাড়ির চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি সাইফুল ইসলাম।



