৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ডিএনসিসি: মিল্টন

বর্ষা শুরুতে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে, তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর ৫৩৬টি স্কুলে মশক নিধন কর্মসূচি পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি প্রায় এক মাস স্কুল-কলেজ বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে। তাই শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৫৩৬টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধন চালানো হবে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, বর্তমানে ডিএনসিসি অঞ্চলে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। আমরা যে উদ্যোগ নিয়েছি, তা বাস্তবায়নে আজ থেকে কাজ শুরু হয়েছে। স্কুলগুলোতে মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত ওষুধ ছিটানো হবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে কোনো গাফিলতি বা অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে জিরো টলারেন্সের নির্দেশ রয়েছে।