বেকারিতে নিষিদ্ধ রাসায়নিক ও শিল্পে ব্যবহৃত রং, প্রতিষ্ঠান সিলগালা

রাজধানীর হাতিরঝিল এলাকার পেয়ারাবাগানে একটি বেকারিতে অভিযান চালিয়ে খাদ্যপণ্যে নিষিদ্ধ রাসায়নিক ও ক্ষতিকর রং ব্যবহারের প্রমাণের পর প্রতিষ্ঠানটি সিলগালা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ আগস্ট) অধিদপ্তরটির মহাপরিচালকের নির্দেশনায় এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালকের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক আব্দুস সালাম।
অধিদপ্তর সূত্রে জানা যায়, ওই বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে অননুমোদিত স্যাকারিন, নিষিদ্ধ রাসায়নিক অ্যামোনিয়া ও শিল্পকারখানায় ব্যবহৃত রং মেশানো হচ্ছিল। এ ছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের চিত্র ধরা পড়ে।
জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ এসব অনিয়মের দায়ে বেকারিটির উৎপাদন কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, খাবারে নিষিদ্ধ রাসায়নিক ও অননুমোদিত রং ব্যবহার রোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



