টানা বৃষ্টিতেও ঢাকার বায়ুমানে অবনতি

এশিয়া পোস্ট ডেস্ক
টানা বৃষ্টিতেও ঢাকার বায়ুমানে অবনতি
ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। টানা কয়েক দিনের বৃষ্টির পরও রাজধানী ঢাকার বায়ুমানে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ফলে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষস্থানীয় শহরগুলোর মধ্যে উঠে এসেছে ঢাকা।

মঙ্গলবার (১৪ জুলাই) বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকার এএকিউআই স্কোর ছিল ১৬৭। এ স্কোর অনুযায়ী রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়।

১৮৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তৃতীয় অবস্থানে থাকা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৫৮।

এ ছাড়া ইন্দোনেশিয়ার মেদান ১৩৯ স্কোর নিয়ে চতুর্থ, পাকিস্তানের লাহোর ১৩৬ স্কোর নিয়ে পঞ্চম, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ১২৫ স্কোর নিয়ে ষষ্ঠ, সৌদি আরবের রিয়াদ ১১৭ স্কোর নিয়ে সপ্তম, ইসরায়েলের জেরুজালেম ১০৯ স্কোর নিয়ে অষ্টম ও তেল আবিব-ইয়াফো ১০৮ স্কোর নিয়ে নবম এবং ভারতের কলকাতা ৯৭ স্কোর নিয়ে ১০ম অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন দেশের বায়ুদূষণের প্রধান উৎস। এসব উৎস থেকে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ না নিলে বায়ুর মানে স্থায়ী উন্নতি আনা সম্ভব হবে না।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ, গর্ভবতী নারী ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়।