Advertisement

ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’ ভেঙে দিল ডিএনসিসি

এশিয়া পোস্ট প্রতিবেদক
ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’ ভেঙে দিল ডিএনসিসি
রাজধানীর আগারগাঁওয়ে রোববার (১৬ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেলটি ভেঙে দেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গরিবের বুফে’ নামে পরিচিতি পাওয়া রাজধানীর আগারগাঁওয়ের ‘মিজানের ভাতের হোটেল’ এবার উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে রোববার (১৬ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেলটি ভেঙে দেওয়া হয়।

Advertisement

দীর্ঘদিন ধরে আগারগাঁওয়ের মূল সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল মিজানুর রহমানের বিরুদ্ধে। এতে পথচারীদের চলাচলে বিঘ্নের পাশাপাশি সড়কে যানজট সৃষ্টি হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হোটেলটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাফরুল থানা পুলিশ সহায়তা করে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ আগস্ট মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

খাবারের স্বল্পমূল্য ও পরিবেশনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা ‘মিজানের ভাতের হোটেল’ শেষ পর্যন্ত ফুটপাত ও সড়ক দখলের অভিযোগে ডিএনসিসির উচ্ছেদ অভিযানের মুখে পড়ল।