ঢাকায় বজ্রপাতে প্রাণ গেল কিশোরের, আশঙ্কাজনক ৩ বছরের শিশু

রাজধানীর হাজারীবাগের বউবাজার এলাকায় একটি চারতলা ভবনের ছাদে বজ্রপাতে মোহাম্মদ রিয়াজ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অন্তরা (৩) নামে একটি শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন। আহত শিশু অন্তরাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
নিহতের আত্মীয় মোহাম্মদ হারুন জানান, রিয়াজ গত পরশু লক্ষ্মীপুর থেকে বড় ভাই মোহাম্মদ হৃদয়ের বাসায় বেড়াতে আসে। সোমবার বিকেলে তিনি ভাতিজি অন্তরাকে নিয়ে ভবনের ছাদে হাঁটছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে দুজনই অচেতন হয়ে ছাদে পড়ে যান। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, রিয়াজের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী এলাকায়। তিনি মৃত মোহাম্মদ ইউসুফের ছেলে। বর্তমানে তিনি হাজারীবাগের বউবাজার এলাকার ৬২/২ নম্বর বাসায় বড় ভাইয়ের কাছে বেড়াতে এসেছিলেন। রিয়াজ একটি কারখানায় চাকরি করতেন এবং তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে রিয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


