রাজধানীতে তাজিয়া মিছিলে যুবককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীতে তাজিয়া মিছিলে যুবককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
প্রতীকী ছবি

রাজধানীর সূত্রাপুরে তাজিয়া মিছিলে থাকা ডুলির রশি ধরাকে কেন্দ্র করে মো. জাকির হোসেন (৩১) নামে এক যুবককে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি এবং ঘটনার সময় পরিহিত জামাকাপড় জব্দ করা হয়েছে।

Advertisement

গ্রেপ্তার চারজন হলেন মো. রাশেদ (২০), মো. আতিকুল ইসলাম শান্ত (১৬), মো. হৃদয় (১৫) এবং মো. শিহাব মোল্লা (১৫)।

ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে সূত্রাপুর থানাধীন বিবিকা রওজা ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি সূত্রাপুর হয়ে চকবাজার, লালবাগ পেরিয়ে ধানমন্ডির দিকে রওনা করে। বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে মিছিলটি বাংলাবাজার অতিক্রম করার সময় পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচে আসে। এ সময় অজ্ঞাত কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক এক যুবককে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেন। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত মো. জাকির হোসেন (৩১) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে সূত্রাপুর থানায় অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে পুলিশ অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে। পরে সূত্রাপুর থানার একাধিক দল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা গেছে, তাজিয়া মিছিলে থাকা ডুলির রশি ধরাকে কেন্দ্র করে নিহত জাকির হোসেনের সঙ্গে অভিযুক্তদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা তাকে ধাওয়া করলে আত্মরক্ষার্থে তিনি পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচে আশ্রয় নেন। সেখানে তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।