খাবার বিতরণের সময় ঢাবি এলাকা থেকে ছাত্রলীগের দুই কর্মী আটক

১৫ আগস্ট উপলক্ষে খাবার বিতরণের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।
আটক দুই শিক্ষার্থী হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মিরাজুল (২৪), শিক্ষাবর্ষ ২০২২-২৩; এবং ফজলুর রহমান কাদের (২৪), সাংস্কৃতিক বিভাগের শিক্ষার্থী, শিক্ষাবর্ষ ২০২২-২৩।

জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে দোয়েল চত্বর এলাকায় কয়েকজন খাবার বিতরণ করছিলেন। এ সময় সেখানে থাকা দুই ব্যক্তির কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা ছাত্রলীগের কর্মী বলে জানা যায়।
আটক দুজনের বিষয়ে শাহবাগ থানা-পুলিশ সকালে কথা বলবে বলে জানিয়েছে।
এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
গত বছরের মে মাসে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।



